শেয়ারবাজারে নামছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক, মূল্যায়ন ১.৩ ট্রিলিয়ন ডলার
জনপ্রিয় ক্লড চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক নিউ ইয়র্কের নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে, যার ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

জনপ্রিয় চ্যাটবট ক্লডের নির্মাতা মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক নিউ ইয়র্কের নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। চলতি মাসেই বাজারে শেয়ার ছেড়ে প্রায় ৬ হাজার ৪০০ কোটি ডলার সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিটি শেয়ারের প্রাথমিক দাম ধরা হয়েছে ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে।
এর ফলে প্রতিষ্ঠানটির সামগ্রিক বাজারমূল্য দাঁড়াতে পারে ১ দশমিক ১ থেকে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে (১ ট্রিলিয়ন পাউন্ড)। তবে গ্রীষ্মের শুরুতে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির যে ২ ট্রিলিয়ন ডলার মূল্যায়নের আশা করেছিলেন, বর্তমান হিসাব তার চেয়ে কিছুটা কম। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ডেটা সেন্টারের বিস্তার ও এআই খাতে মাত্রাতিরিক্ত বিনিয়োগ নিয়ে সৃষ্ট উদ্বেগের মধ্যে এই তালিকাভুক্তি হচ্ছে।
চলতি বছরের জুন পর্যন্ত ছয় মাসে অ্যানথ্রপিকের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬২০ কোটি ডলারে, যেখানে কর-পূর্ববর্তী লোকসান হয়েছে ৮ হাজার ৭০ কোটি ডলার। ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী ওপেনএআই-এর সাবেক কর্মী দারিও ও ড্যানিয়েলা আমোদি সহপ্রতিষ্ঠাতা হিসেবে সংস্থাটি গড়ে তোলেন। বাজারমূল্যে এটি ইলন মাস্কের স্পেসএক্সের ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের পরেই অবস্থান নেবে।
সূত্র: বিবিসি


