আন্টালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে তুরস্কের আন্টালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় আন্টালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে এই বৈঠক শুরু হয়ে প্রায় ৩০ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে ইস্তাম্বুল যাত্রাবিরতির পর স্থানীয় সময় বিকেল চারটা তিন মিনিটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে আন্টালিয়া বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
আন্টালিয়ায় সোমবার শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর অংশ হিসেবে দুই দিনের বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই তিন দিনের সফরে গেছেন তিনি। এই সম্মেলনে আগামী ১২ নভেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
সূত্র: ডেইলি স্টার


