দুবাইয়ে মর্যাদাপূর্ণ হিপা আলোকচিত্রের গ্র্যান্ড পুরস্কার জিতলেন পিনু রহমান
আন্তর্জাতিক হামদান আলোকচিত্র প্রতিযোগিতার ১৫তম আসরে কড়াইল বস্তির মানবিক ছবি তুলে ধরে প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যান্ড পুরস্কার জিতেছেন পিনু রহমান।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ফিউচার মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার রাতে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের সর্বোচ্চ সম্মাননা ‘গ্র্যান্ড পুরস্কার’ জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। প্রতিযোগিতার ১৫তম আসরে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করলেন তিনি। এবারের আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘পরিবার’।
‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের একটি ছবির জন্য এই স্বীকৃতি পান পিনু রহমান। এতে দেখা যায়, আগুনে ভস্মীভূত হওয়া ঢাকার কড়াইল বস্তির একটি ধ্বংসস্তূপে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একই পরিবারের পাঁচ সদস্য। সর্বস্ব হারানোর পরও পরিবারের ভালোবাসা ও বন্ধন যে অটুট থাকে, সেই মানবিক বার্তাটিই ছবিতে ফুটিয়ে তোলেন তিনি।
পেশাগত জীবনে পিনু রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা পিরোজপুরের এই আলোকচিত্রী এ বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি পুরস্কারেও স্বীকৃতি পান। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের।
সূত্র: প্রথম আলো


