আগামী গ্রীষ্মেই চীনে উড়ন্ত গাড়ি চালুর ঘোষণা দিল এক্সপেং
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সপেং লিসবনের প্রযুক্তি সম্মেলনে তাদের নতুন উড়ন্ত গাড়ি উন্মোচন করেছে, যা আগামী গ্রীষ্মেই সীমিত পরিসরে উড্ডয়ন শুরু করতে পারে।

আগামী গ্রীষ্ম থেকেই চীনে চালু হতে পারে বহু কাঙ্ক্ষিত দুই আসনের উড়ন্ত গাড়ি। মঙ্গলবার পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত প্রযুক্তি সম্মেলন 'ওয়েব সামিট'-এ এই ঘোষণা দেন চীনা উড়ন্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং-এর প্রধান নির্বাহী ডেলি ঝাও। চীনের গুয়াংঝৌতে প্রায় এক দশক গবেষণার পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যানটির সীমিত ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
তিন লাখ মার্কিন ডলার (প্রায় ২ লাখ ২৫ হাজার পাউন্ড) মূল্যের ব্যাটারিচালিত এই যানে রয়েছে ছয়টি ড্রোন সদৃশ প্রপেলার। সাধারণ জয়স্টিক দিয়ে এটি চালানো যায় এবং প্রোগ্রাম করা গন্তব্যে এটি স্বয়ংক্রিয়ভাবে উড়ে যেতে সক্ষম। যানটির সঙ্গে একটি ছয় চাকার বিশেষ ভ্যান যুক্ত থাকবে, যার ভেতর থেকে ট্রান্সফরমার সিনেমার মতো করে উড়ন্ত গাড়িটি বাইরে ভাঁজ খুলে বের হয়ে আসে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে গ্রামীণ এলাকার বিনোদনমূলক ভ্রমণ এবং জরুরি উদ্ধারকাজের জন্য এটি প্রস্তুত করা হবে। কোনো চাকা না থাকায় একে মূলত হেলিকপ্টার ধাঁচের ভারী ড্রোন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। লিসবনে যানটির প্রোটোটাইপ প্রদর্শন করে কর্তৃপক্ষ জানায়, যেকোনো ব্যক্তি মাত্র কয়েক মিনিটেই এর উড্ডয়ন নিয়ন্ত্রণ আয়ত্ত করতে পারবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান


