ঘন কুয়াশা ও আতশবাজির ধোঁয়ায় লন্ডনে উচ্চমাত্রার বায়ুদূষণ সতর্কতা
ঘন কুয়াশা এবং আতশবাজির ধোঁয়ার কারণে বায়ুদূষণ মারাত্মক মাত্রায় পৌঁছানোয় লন্ডনবাসীর জন্য উচ্চ সতর্কতা জারি করেছেন মেয়র সাদিক খান।

সপ্তাহান্তে ঘন কুয়াশা এবং আতশবাজির কারণে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করায় লন্ডনজুড়ে উচ্চমাত্রার বায়ু সতর্কতা জারি করেছেন নগরীর মেয়র সাদিক খান। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞদের পূর্বাভাস ও পরামর্শের ভিত্তিতে মঙ্গলবার এই সতর্কবার্তা সক্রিয় করা হয়।
মেয়রের কার্যালয় জানিয়েছে, শান্ত বাতাস ও ঘন কুয়াশার মধ্যে বনফায়ার নাইট এবং দিওয়ালির আতশবাজির ধোঁয়া জমে বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। রাজধানীর হাসপাতাল, বিদ্যালয় ও সাধারণ চিকিৎসকদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে, যাতে শ্বাসকষ্টে ভোগা ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত সুরক্ষা দেওয়া যায়।
নগরবাসীকে ব্যক্তিগত গাড়ি চালানো কমিয়ে হাঁটা, সাইকেল ব্যবহার এবং গণপরিবহনে চলাচলের আহ্বান জানানো হয়েছে। ভূগর্ভস্থ রেল স্টেশন এবং বাস স্টপেজের ডিজিটাল বোর্ডে এই সতর্কবার্তা প্রদর্শন করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা কমে শীতল আবহাওয়া এলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।
সূত্র: বিবিসি লন্ডন ছবি: Expect Best / StockSnap (CC0)
