ইউক্রেন যুদ্ধ নিয়ে আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু
ইউক্রেন যুদ্ধের অবসান ও পরবর্তী নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন করে ত্রিপক্ষীয় আলোচনায় বসছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন।

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন ধাপের উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে ব্যর্থ হওয়া শান্তি উদ্যোগের পর মঙ্গলবার ও বুধবার এই কূটনৈতিক আলোচনা নির্ধারিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে রাশিয়ার প্রধান আলোচক হিসেবে যোগ দিয়েছেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির বৈদেশিক গোয়েন্দা প্রধান রুস্তেম উমেরভ এবং আইনপ্রণেতা ডেভিড আরাখামিয়া।
আলোচনায় যুদ্ধপরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ, কৃষ্ণসাগরে বাণিজ্যিক নৌচলাচল এবং বন্দিবিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে। একই সঙ্গে জার্মানি ও ফ্রান্সের শীর্ষ কূটনীতিকদের সঙ্গেও আলাদা বৈঠক হবে। যদিও ইউক্রেনীয় প্রতিনিধিরা জানিয়েছেন, তাৎক্ষণিক কোনো যুগান্তকারী অগ্রগতির সম্ভাবনা এখনও অনেকটাই সীমিত।
সূত্র: ডয়চে ভেলে

