ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে বিতর্ক, পাসপোর্ট আবেদন নাকচ
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন অন্তর্বর্তী সরকার নাকচ করে দিয়েছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নাকচ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ব্রিটিশ ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স এই আবেদন জমা দিয়েছিল।
সরকারের অস্বীকৃতি সত্ত্বেও আওয়ামী লীগ ডিসেম্বরেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, সম্ভাব্য কর্মসূচি সফল করতে চলতি নভেম্বরের মধ্যেই দলীয় নেতা-কর্মীদের ভারতের কলকাতায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ইতিবাচক সাড়া না দিলে তারা আবারও আইনি নোটিশ পাঠাবে এবং প্রয়োজনে বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করা হতে পারে। এদিকে তাঁর প্রত্যাবর্তনের আলোচনার মধ্যেই সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
