যুক্তরাজ্যে একসঙ্গে পাঁচ সরকারি চাকরির প্রতারণায় ব্রিটিশ-বাংলাদেশি দোষী সাব্যস্ত
লন্ডনে বাসা থেকে কাজের সুযোগ নিয়ে একসঙ্গে পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে অর্থ আত্মসাতের অভিযোগে ব্রিটিশ-বাংলাদেশি কাশিম চৌধুরী দোষী সাব্যস্ত হয়েছেন।

যুক্তরাজ্যে বাসা থেকে কাজের সুযোগ নিয়ে একই সময়ে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করার দায়ে ব্রিটিশ-বাংলাদেশি কাশিম চৌধুরী প্রতারণার ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। গত সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে জুরি সদস্যরা সর্বসম্মতিক্রমে এই রায় দেন। বিচারক মার্ক উইকস ৫৬ বছর বয়সী কাশিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালতের তথ্য অনুযায়ী, পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা কাশিম ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আটটি সরকারি সংস্থায় কাজ করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড আয় করেন। এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ প্রতারণামূলকভাবে নেওয়া হয়েছে বলে প্রমাণিত হয়। একপর্যায়ে তাঁর সাপ্তাহিক কর্মঘণ্টা দাঁড়িয়েছিল ১৮৩ ঘণ্টায়, যেখানে পুরো সপ্তাহে সময় থাকে ১৬৮ ঘণ্টা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির তথ্য গোপন করে এই প্রতারণা চালান।
২০২৪ সালে সরকারের জাতীয় প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে তাঁর এই জালিয়াতি ধরা পড়ে। শুনানিতে প্রসিকিউশন পক্ষ তাঁর সাজা হিসেবে পাঁচ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছে। সরকারি অর্থ উদ্ধারে কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো

