যুক্তরাজ্যের আদমশুমারিতে ‘এশিয়ান ইংলিশ’ পরিচয় অন্তর্ভুক্তির প্রস্তাব ব্রিটিশ এমপিদের
ইংল্যান্ডের পরবর্তী আদমশুমারিতে জাতিগত পরিচয়ের তালিকায় ‘এশিয়ান ইংলিশ’ ও ‘ব্ল্যাক ইংলিশ’ বিকল্প যুক্ত করতে পার্লামেন্টে বিল উত্থাপন করেছেন ব্রিটিশ এমপিরা।

যুক্তরাজ্যের পরবর্তী আদমশুমারিতে জাতিগত পরিচয়ের ঘরে ‘এশিয়ান ইংলিশ’ এবং ‘ব্ল্যাক ইংলিশ’ বিকল্প যুক্ত করার দাবি জানিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতারা। গত মঙ্গলবার হাউস অব কমন্সে ‘সেন্ট জর্জ বিল’ নামের একটি বেসরকারি বিল উত্থাপন করেন লিবারেল ডেমোক্র্যাট এমপি জশ বাবরিন্দে। লেবার পার্টির ডেভিড ল্যামি এবং কনজারভেটিভ পার্টির স্যার জেমস ক্লিভারলিসহ বিভিন্ন দলের এমপিরা এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন।
২০২১ সালের আদমশুমারিতে ইংল্যান্ডে ‘ইংলিশ’ পরিচয়টি কেবল শ্বেতাঙ্গ শ্রেণির অধীনে রাখা হয়েছিল। এতে কৃষ্ণাঙ্গদের জন্য কেবল ‘ব্ল্যাক ব্রিটিশ’ এবং এশীয় বংশোদ্ভূতদের জন্য ‘এশিয়ান ব্রিটিশ’ লেখার সুযোগ ছিল। অথচ ওয়েলস ও স্কটল্যান্ডের আদমশুমারিতে স্থানীয় জাতিগত পরিচয়ের আলাদা সুযোগ রয়েছে। ইস্টবোর্নের এমপি বাবরিন্দে বলেন, বহু সংখ্যালঘু নাগরিক ইংল্যান্ডে জন্ম নিয়ে বড় হলেও রাষ্ট্রীয় নথিতে নিজেদের ইংলিশ হিসেবে পরিচয় দিতে পারেন না।
এই পরিবর্তন বাস্তবায়িত হলে যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি এবং অন্যান্য এশীয় ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর নাগরিক পরিচিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। প্রস্তাবের সমর্থকরা জানিয়েছেন, ইংরেজি পরিচিতিকে কেবল চামড়ার রঙের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক বহুসাংস্কৃতিক সমাজের প্রতিফলন ঘটাতেই এই আইন জরুরি।
সূত্র: বিবিসি


