যুক্তরাজ্যের অভিবাসন অভিযানের দুই-তৃতীয়াংশেই মেলেনি কোনো গ্রেপ্তার
যুক্তরাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের পরিচালিত অভিবাসন অভিযানের প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং অধিকাংশ তল্লাশি কোনো পরোয়ানা ছাড়া চালানো হয়েছে বলে তদন্তে প্রকাশ পেয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পরিচালিত অভিবাসন অভিযানের দুই-তৃতীয়াংশেই কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশিত সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে। দ্য গার্ডিয়ান ও ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যৌথ তদন্তে জানা গেছে, এসব অভিযানের প্রায় তিন-চতুর্থাংশই কোনো আদালতের পরোয়ানা ছাড়া সম্পন্ন হয়েছে।
সরকারি তথ্যানুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যজুড়ে কর্মক্ষেত্র ও বাসাবাড়িতে ২৩ হাজার ৫৩৮টি অভিযান ও আকস্মিক তল্লাশি চালানো হয়, যা দৈনিক গড়ে প্রায় ৬০টি। এর মধ্যে ১৫ হাজার ৫৭৮টি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। নাপিতের দোকান, কার ওয়াশ, টেকঅ্যাওয়ে রেস্তোরাঁ ও গুদামঘরের মতো প্রতিষ্ঠানগুলো এসব অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিল।
পরিসংখ্যানে আরও দেখা গেছে, অভিবাসন সংক্রান্ত অভিযোগের প্রায় ৮৯ শতাংশ তথ্যই এসেছে সাধারণ মানুষের বেনামি অভিযোগ থেকে। সমালোচকরা বলছেন, দুর্বল তথ্যের ভিত্তিতে নিরীহ কর্মী ও ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। তবে হোম অফিস এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, প্রতিটি অভিযান পুঙ্খানুপুঙ্খ গোয়েন্দা তথ্য যাচাইয়ের পরেই পরিচালিত হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান ছবি: rawpixel (CC0)
