স্পেনের ওভিয়েদোতে ব্যাগে থাকা বোমার বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত
উত্তর স্পেনের ওভিয়েদো শহরে একটি আবাসিক ভবনের সামনে সন্দেহভাজন ব্যাগ পরীক্ষার সময় বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত ও অপর একজন আহত হয়েছেন।

স্পেনের উত্তরাঞ্চলীয় ওভিয়েদো শহরে একটি ভবনের সামনে ফেলে রাখা ব্যাগে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের মধ্যে বিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তল্লাশি চালাতে গিয়ে স্প্যানিশ পুলিশের ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা একটি সন্দেহভাজন ব্যাগ পরীক্ষার সময় বিকট বিস্ফোরণ ঘটে। নিহত কর্মকর্তার নাম হুয়ান হোসে বলে জানিয়েছে পুলিশ।
আহত অপর কর্মকর্তা এবং গুলিবিদ্ধ নারীকে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণ ঘটানোর পর সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পলাতক ওই সশস্ত্র ব্যক্তিকে খুঁজে বের করতে এবং গ্রেপ্তারে ওভিয়েদো ও আশপাশের এলাকায় ব্যাপক চিরুনি অভিযান শুরু করেছে স্পেনের পুলিশ বাহিনী।
সূত্র: বিবিসি


