শীতের আগে লন্ডনে ১৭০০ কেন্দ্রে এনএইচএসের টিকাদান কর্মসূচি শুরু
শীত মৌসুমের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় লন্ডনজুড়ে এক হাজার সাত শতাধিক কেন্দ্রে ফ্লু ও কোভিডের বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু করেছে ব্রিটিশ স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস।

শীতের আগমনে বিভিন্ন ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে লন্ডনজুড়ে ১ হাজার ৭০০টিরও বেশি কমিউনিটি কেন্দ্রে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু করেছে ব্রিটিশ স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস)। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত যোগ্য বাসিন্দারা কোনো আগাম বুকিং ছাড়াই এসব কেন্দ্র থেকে সরাসরি টিকা নিতে পারবেন।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা সতর্ক করেছে যে, চলতি বছর দেশটিতে অন্তত দুটি মারাত্মক ফ্লুর ধরন সক্রিয় রয়েছে, যা মানুষের গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। এনএইচএসের ‘বিগ উইক’ কর্মসূচির আওতায় ফ্লুর পাশাপাশি কোভিড-১৯ ও নিউমোনিয়ার সুরক্ষামূলক টিকা দেওয়া হচ্ছে। সোমবার থেকেই উড গ্রিনসহ বিভিন্ন শপিং সেন্টারে টিকা নিতে সাধারণ মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।
গৃহহীন এবং নিয়মিত চিকিৎসাসেবা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাম্পারওয়েল, ডেপ্টফোর্ড ও ব্রোমলি এলাকায় ভ্রাম্যমাণ টিকাদান বাস পাঠানো হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যথাসময়ে টিকা গ্রহণ করলে শীতকালে অপ্রয়োজনীয় হাসপাতালে ভর্তির ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
সূত্র: বিবিসি লন্ডন

