যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে পরিবর্তন, ছাড় পেল আটটি শ্রেণি
যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সাধারণ সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হলেও স্বাস্থ্যকর্মীসহ আটটি শ্রেণিকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। নতুন নিয়ম অনুযায়ী সাধারণ অভিবাসীদের জন্য আবেদনের সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে, যা আনুমানিক পাঁচ লাখ অভিবাসীকে প্রভাবিত করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ পার্লামেন্টে জানান, নতুন মেধা ও অবদানভিত্তিক ব্যবস্থায় স্থায়ী বসবাসের অধিকার আর স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে না। তবে জরুরি সেবায় নিয়োজিত কর্মী এবং উচ্চ আয়ের পেশাজীবীসহ আটটি বিশেষ শ্রেণিকে এই দীর্ঘ অপেক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নতুন নিয়মে সর্বোচ্চ আয়ের ব্যক্তিরা তিন বছর পর আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া বার্ষিক ৫০,২৭১ পাউন্ডের বেশি আয়কারী, চিকিৎসক, নার্স, শিক্ষক এবং বছরে অন্তত ২৫,০০০ পাউন্ড আয় করা কেয়ার কর্মীরা পাঁচ বছর পরেই স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্ত যুক্তরাজ্যে বসবাসরত বহু বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সূত্র: Yen News
