যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অস্বীকার ইরানের, হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনার দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। মঙ্গলবার লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে তিনি জানান, তেহরানের দেওয়া সাত দফা শর্ত ওয়াশিংটন পূরণ না করা পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। অর্থনৈতিক চাপ কমাতে এবং জ্বালানি তেলের দাম কমাতেই যুক্তরাষ্ট্র আলোচনার গল্প ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
রেজাই জানান, শান্তি আলোচনার জন্য দেওয়া সাত দফা শর্তের সুস্পষ্ট জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, শর্তগুলো মানা হলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।
সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সংঘাত অবসানের দিকে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তবে ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে অন্তত তিনটি জাহাজ মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ও অগ্নিদগ্ধ হয়েছে।
সূত্র: আল জাজিরা ছবি: rawpixel (CC0)




