দক্ষিণ আফ্রিকা ছেড়ে নেদারল্যান্ডসের হয়ে সাঁতার কাটার ঘোষণা তাতিয়ানা স্মিথের
পারিবারিক ঐতিহ্য ও আর্থিক সমস্যার কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বদলে আন্তর্জাতিক পর্যায়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়েছেন অলিম্পিক সাঁতারু তাতিয়ানা স্মিথ।

দক্ষিণ আফ্রিকার সফলতম অলিম্পিয়ান ও সাঁতারু তাতিয়ানা স্মিথ আবেগাপ্লুত কণ্ঠে আন্তর্জাতিক অঙ্গনে নেদারল্যান্ডসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ২৯ বছর বয়সী এই ব্রেস্টস্ট্রোক তারকা অলিম্পিকে দুটি সোনা ও দুটি রুপাসহ মোট চারটি পদক জিতেছেন। প্যারিস অলিম্পিকের পর অবসর নিলেও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস গেমসে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নেওয়ার লক্ষ্যে সম্প্রতি তিনি খেলায় ফেরেন।
ডাচ বাবার সূত্রে দ্বৈত নাগরিকত্বের অধিকারী স্মিথ জানান, নিজের ইউরোপীয় শেকড় অন্বেষণ এবং দীর্ঘমেয়াদে ক্রীড়া জীবন টেকসই রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে পুরস্কারের অর্থ ও পৃষ্ঠপোষকতা নিয়ে দক্ষিণ আফ্রিকার সাঁতার ফেডারেশনের সঙ্গে বিরোধ তৈরি হওয়ায় তিনি আর্থিক জটিলতার মুখে পড়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার সমর্থকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পড়ে শোনানোর সময় স্মিথ কান্নায় ভেঙে পড়েন এবং বলেন যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নেরও বদল ঘটে। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করা তাঁর শৈশবের স্বপ্ন পূরণ ছিল, তবে এখন নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে।
সূত্র: বিবিসি স্পোর্ট


