যুক্তরাজ্যের প্রধান কার্যালয়ে শত শত কর্মী ছাঁটাই করছে আলডি
বৈশ্বিক পরিচালন ব্যয় কমাতে যুক্তরাজ্যে নিজেদের প্রধান কার্যালয় থেকে প্রযুক্তি ও অর্থ বিভাগের শত শত কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সুপারমার্কেট চেইন আলডি।

বৈশ্বিক ব্যয় সংকোচনের অংশ হিসেবে যুক্তরাজ্যে নিজেদের প্রধান কার্যালয় থেকে শত শত কর্মী ছাঁটাই করার প্রক্রিয়া শুরু করেছে বাজেট সুপারমার্কেট চেইন আলডি। ওয়ারউইকশায়ারের অ্যাথারস্টোনে অবস্থিত ব্রিটিশ সদর দপ্তরের প্রযুক্তি বিভাগের প্রায় ১৫০টি পদ বিলুপ্ত করার বিষয়ে কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
জার্মান মালিকানাধীন এই রিটেইলার চলতি বছরের শুরুর দিকে অর্থ ও প্রশাসন বিভাগ থেকে ১০৩ জন এবং প্রায় ২০ জন ক্রয় পরিচালককে ছাঁটাই করেছিল। কাজের পরিধি কেন্দ্রীভূত করতে জেনপ্যাক্ট নামের প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে অর্থ ও প্রশাসন সংক্রান্ত বিভিন্ন কাজ ভারতে স্থানান্তর করছে আলডি। তবে সুপারমার্কেটের শাখাগুলোর বিক্রয়কর্মীদের পদে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
আলডির এক মুখপাত্র জানিয়েছেন, সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ বজায় রাখতে এবং সেবার দক্ষতা বাড়াতে প্রাতিষ্ঠানিক কাঠামোতে ধাপে ধাপে এসব পরিবর্তন আনা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত একজন কর্মী এই পদক্ষেপকে দূরদর্শিতাহীন বলে আখ্যা দিয়ে দাবি করেছেন, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান



