গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হলো ৪৪ বাংলাদেশিকে
ইউরোপের দেশ গ্রিস ও সাইপ্রাস থেকে অনিয়মিতভাবে যাওয়া ৪৪ বাংলাদেশিকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।

ইউরোপে অনিয়মিতভাবে বসবাস করা আরও ৪৪ বাংলাদেশিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার সকাল সোয়া নয়টায় তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর ও ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪০ জন গ্রিস থেকে এবং চারজন সাইপ্রাস থেকে এসেছেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে তাদের জরুরি খাবার, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় পরবর্তীতে তাদের প্রশিক্ষণ ও পুনর্বাসন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ব্র্যাক।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, নতুন নীতিমালার আওতায় ইউরোপ এখন অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং দ্রুত ফেরত পাঠাচ্ছে। তিনি উল্লেখ করেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সূত্র: Bangla Tribune

