যুক্তরাজ্যের বিএনও ভিসা: হংকংয়ের আন্দোলনকারীদের জন্য নিয়ম শিথিল
২০১৯ সালের গণতন্ত্রপন্থি আন্দোলনে অংশ নিয়ে দণ্ডিত হওয়া হংকংয়ের নাগরিকদের জন্য যুক্তরাজ্যের বিশেষ বিএনও ভিসা প্রাপ্তির নিয়ম শিথিল করেছে হোম অফিস।

যুক্তরাজ্যের বিশেষ ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ বা বিএনও ভিসায় হংকংয়ের আন্দোলনকারীদের আবেদনের ক্ষেত্রে বিদ্যমান কঠোর শর্ত শিথিল করেছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার প্রকাশিত এক নির্দেশনায় হোম অফিস জানিয়েছে, ২০১৯ সালের গণতন্ত্রপন্থি বিক্ষোভে যুক্ত থাকার কারণে ফৌজদারি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আবেদনগুলো এখন থেকে বিশেষ বিবেচনায় ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে।
হোম সেক্রেটারি শাবানা মাহমুদ পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত যৌথ কমিটিকে জানিয়েছেন, যেসব আবেদনকারী বিক্ষোভের কারণে নিয়মিত যোগ্যতা অর্জনে ব্যর্থ হবেন, তাঁদের বিষয়টি মন্ত্রীরা স্বয়ং বিবেচনা করে সাধারণ অভিবাসন বিধিমালার বাইরেও যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দিতে পারেন। মানবাধিকার কমিটির প্রধান অ্যালেক্স সোবেল সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
ব্রিটিশ কর্মকর্তারা আরও ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের (আইএলআর) যোগ্যতা অর্জনের সময়সীমা বাড়িয়ে ১০ বছর করার যে সাধারণ প্রস্তাব রয়েছে, তার আওতামুক্ত থাকবেন বিএনও ভিসা ধারীরা। গণতন্ত্রের পক্ষে লড়াই করা হংকংয়ের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: Dimsum Daily
