গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: সার্জনসহ নিহত ৫
দক্ষিণ গাজার নাসের হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র হামলায় এক চিকিৎসকসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত ও ২০ জন আহত হয়েছেন।

দক্ষিণ গাজার নাসের হাসপাতালে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এক সার্জনসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড ও নিবিড় পরিচর্যা কেন্দ্র ভবনে আঘাত হানে।
ইসরায়েলি সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এক যৌথ বিবৃতিতে দাবি করেছে, হাসপাতালটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তারা সেখানে থাকা হামাসের শীর্ষ নেতা ও সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে নিখুঁত যুদ্ধাস্ত্র দিয়ে এ হামলা চালায়। তবে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক নজরদারি চালানো হয়েছিল বলেও তারা উল্লেখ করে। হামাস অবশ্য চিকিৎসা অবকাঠামোকে সামরিক কাজে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
আন্তর্জাতিক আইনে হাসপাতালের সুরক্ষা নিশ্চিত করার নিয়ম থাকলেও চলমান গাজা যুদ্ধে বারবার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো হামলার শিকার হচ্ছে। এর আগে বার্তা সংস্থা এএফপিকে বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল ছয়জন নিহতের তথ্য দিয়েছিলেন। তবে ইসরায়েলি বিধিনিষেধের কারণে বিবিসি স্বাধীনভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য যাচাই করতে পারেনি।
সূত্র: বিবিসি




