৩ দিন ধরে বন্ধ লেগোর ব্রিকলিংক: সাইবার তদন্তে ব্যবহারকারীদের উদ্বেগ
সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার পর বিশ্বজুড়ে লেগো সংগ্রাহকদের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ব্রিকলিংক টানা তিন দিন ধরে বন্ধ রেখেছে খেলনা প্রস্তুতকারক লেগো।

বিশ্বখ্যাত খেলনা প্রস্তুতকারক কোম্পানি লেগো তাদের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ব্রিকলিংক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। প্ল্যাটফর্মটিতে সন্দেহজনক ও অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করার পর গত তিন দিন ধরে সাইটটি সম্পূর্ণ অফলাইনে রাখা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
ব্রিকলিংক মূলত বিশ্বজুড়ে লেগোপ্রেমীদের জন্য পুরোনো সেট কেনাবেচা, নতুন ব্রিক সংগ্রহ এবং সীমিত সংস্করণের পণ্য কেনার প্রধান কেন্দ্র। ২০১৯ সালে সাইটটি অধিগ্রহণ করে মূল প্রতিষ্ঠান লেগো। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, সাইট চালুর আগে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা ও কীভাবে এ ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কোনো গ্রাহক তথ্য চুরি হয়েছে কি না, তা স্পষ্ট করেনি তারা।
সাইট বন্ধ হওয়ার আগে কয়েকজন নিয়মিত ব্যবহারকারী পেমেন্ট সংক্রান্ত জটিলতার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের লেগো সংগ্রাহকরা জানান, সীমিত সংস্করণের পণ্যের টাকা পরিশোধ করার পরও তাদের একাধিকবার অর্থ পরিশোধের লিঙ্ক পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে লেগো কর্তৃপক্ষ। প্রযুক্তিগত তদন্ত শেষে সাইটটি পুনরায় সচল করা হবে।
সূত্র: বিবিসি




