স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট: তীব্র আবাসন সংকটে থমকে গেছে দেশ
চরম আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে শুরু হওয়া সাধারণ ধর্মঘটে দেশটির পরিবহন ও জনসেবা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।

তীব্র আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বুধবার স্পেনজুড়ে ১৪ বছরের মধ্যে প্রথম সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। দেশটির প্রধান দুটি শ্রমিক ইউনিয়ন ইউজিটি এবং সিসি ওও-এর ডাকে এই সর্বাত্মক কর্মসূচি শুরু হয়। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগেই মাদ্রিদ ও বার্সেলোনাসহ প্রধান শহরগুলোতে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়।
ধর্মঘটের কারণে দেশটির পরিবহন ব্যবস্থা ও জনসেবায় চরম অচলাবস্থা তৈরি হয়। রাজধানী মাদ্রিদ এবং কাতালোনিয়া অঞ্চলের প্রধান সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশৃঙ্খলার অভিযোগে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকাল নামের এক বৃদ্ধাকে ৭০ বছরের পুরোনো ফ্ল্যাট থেকে উচ্ছেদ করার পর হাসপাতালে তার মৃত্যুর ঘটনায় দেশটিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সম্পত্তি বিষয়ক পোর্টাল আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১,১৭০ ইউরো। যেখানে স্পেনের একজন নাগরিকের গড় মাসিক আয় প্রায় ২,৪৬০ ইউরো। এর ফলে মোট বেতনের প্রায় অর্ধেক অংশই বাসা ভাড়ায় চলে যাচ্ছে, যা জীবনযাত্রার স্বাভাবিক সীমার চেয়ে অনেক বেশি।
সূত্র: বিবিসি




