যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা: ৩০ নভেম্বর থেকে ব্যাংক ব্যালেন্স বাড়ছে
যুক্তরাজ্যের হোম অফিস আগামী ৩০ নভেম্বর থেকে স্টুডেন্ট ভিসার জন্য জীবনযাত্রার ব্যয়ের আর্থিক শর্ত বাড়াচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের ব্যাংক ব্যালেন্সে অতিরিক্ত অর্থ দেখাতে হবে।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে বাড়তি আর্থিক সক্ষমতা বা ব্যাংক ব্যালেন্স প্রদর্শন করতে হবে। দেশটির হোম অফিস সংশোধিত অভিবাসন নীতিমালার আওতায় জীবনযাত্রার ব্যয় বা ‘মেইনটেন্যান্স রিকোয়ারমেন্ট’ বাড়িয়েছে, যা জানুয়ারি ২০২৭ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।
নতুন নিয়মে পড়াশোনার টিউশন ফির বাইরে আবাসন, খাবার ও যাতায়াত খরচের জন্য এই অতিরিক্ত অর্থ দেখাতে হবে। লন্ডনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে নয় মাসের জন্য অতিরিক্ত ৩৬৯ পাউন্ড বেশি দেখাতে হবে। অন্যদিকে লন্ডনের বাইরে অন্য কোনো শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে গেলে বাড়তি ২৮৮ পাউন্ড ব্যাংক হিসাবে থাকতে হবে।
স্বল্পমেয়াদি কোর্সের ক্ষেত্রে এই হিসাব কোর্স মেয়াদের ওপর ভিত্তি করে আনুপাতিক হারে নির্ধারণ করা হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ভিসা আবেদনে বিলম্ব এড়াতে আগে থেকেই প্রয়োজনীয় ব্যাংক নথি ও আর্থিক তহবিল প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: IndianEagle
