লন্ডনে স্মৃতিসৌধে নীরবতা: যুক্তরাজ্যজুড়ে পালিত হলো যুদ্ধবিরতি দিবস
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে বুধবার সকাল ১১টায় লন্ডনের হোয়াইটহলের স্মৃতিসৌধসহ যুক্তরাজ্যজুড়ে দুই মিনিটের নীরবতা পালনের মাধ্যমে যুদ্ধবিরতি দিবস পালন করা হয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধের অবসান স্মরণে এবং বিভিন্ন যুদ্ধে প্রাণ হারানো সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বেলা ১১টায় দুই মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে যুক্তরাজ্য। দেশটির রাজধানী লন্ডনের হোয়াইটহলে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ সেনোটাফে মূল শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডেও যথাযথ মর্যাদায় যুদ্ধবিরতি দিবস পালিত হয়।
লন্ডনের অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এবারের অনুষ্ঠানটি ঐতিহাসিক সোম যুদ্ধের ১১০তম বার্ষিকীকেও স্মরণ করে। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন ১০১ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর সদস্য জিওফ্রে স্পেন্সার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দায়িত্ব পালন করা জীবিত প্রবীণ সেনাদের একজন।
পার্লামেন্টের প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বেও সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও বীরত্বের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়। এছাড়া স্টাফোর্ডশায়ারের ন্যাশনাল মেমোরিয়াল আর্বোরেটাম ও পোর্টসমাউথের গিল্ডহল স্কয়ারের প্রথম বিশ্বযুদ্ধ স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পণ করেন সাধারণ নাগরিক ও সামরিক ব্যক্তিবর্গ।
সূত্র: বিবিসি


