মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী: ডিসেম্বরের আগেই যাত্রা শুরু
সম্পূর্ণ বিনা অভিবাসন খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বোয়েসেল, যার প্রথম ধাপের যাত্রা আগামী ডিসেম্বরের আগেই শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী ডিসেম্বরের আগেই কর্মীদের দেশটিতে পাঠানো শুরু হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার। এই উদ্যোগের প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলে নিয়োগের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নির্বাচনের চূড়ান্ত বাছাই কার্যক্রম বৃহস্পতিবার শুরু হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে নির্ধারিত তিন দিনে চার হাজারের বেশি আবেদন জমা পড়েছিল।
বোয়েসেল কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে দক্ষ জনশক্তি প্রেরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে প্রবাসীরা কোনো ধরনের দালাল চক্রের হয়রানি ছাড়া কর্মসংস্থান পেতে পারেন।
সূত্র: Bangla Tribune
