অস্ট্রেলিয়ায় ২০ হাজার পিআর ভিসা: সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও
কোনো স্পনসর ছাড়াই স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে সাবক্লাস ১৮৯ ভিসায় এক দফায় ২০ হাজার আবেদনকারীকে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

দক্ষ পেশাজীবীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসার (সাবক্লাস ১৮৯) আওতায় ২০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৬–২৭ অর্থবছরের অক্টোবর রাউন্ডে এই বিশাল সুযোগ ঘোষণা করা হয়েছে।
এই পয়েন্টভিত্তিক ভিসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, আবেদনকারীর কোনো অস্ট্রেলীয় নিয়োগকর্তার স্পনসরশিপ বা রাজ্য সরকারের মনোনয়নের প্রয়োজন হয় না। ভিসা মঞ্জুর হলে একজন অভিবাসী অস্ট্রেলিয়ার যেকোনো স্থানে স্থায়ীভাবে বসবাস ও পছন্দমতো কাজের পূর্ণ স্বাধীনতা পান।
পয়েন্টভিত্তিক এই অভিবাসন ব্যবস্থায় বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিজ্ঞানী ও তথ্যপ্রযুক্তিবিদসহ যোগ্য পেশাজীবীরা আবেদনের সুযোগ পাবেন। এ জন্য প্রার্থীদের পেশা অবশ্যই দেশটির নির্ধারিত পেশাতালিকায় থাকতে হবে। এরপর স্কিলসিলেক্ট ব্যবস্থার মাধ্যমে বয়স, ইংরেজি ভাষার দক্ষতা, শিক্ষাগত সনদ এবং পেশাগত অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিয়ে স্কিলস অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হতে হবে।
সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা ছবি: Matt Moloney / StockSnap (CC0)

