বাল্টিক সাগরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা: নিশ্চিত করল ফিনল্যান্ড
ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বাল্টিক সাগরের ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছেন ফিনল্যান্ডের কর্মকর্তারা। বুধবার ভোরে সংঘটিত এই হামলাকে বাল্টিক সাগরে বেসামরিক নৌচলাচল অঞ্চলে রুশ নৌবহরের ওপর ইউক্রেনের প্রথম ড্রোন হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, রাশিয়ার উস্ত-লুগা তেল ডিপোতে পরিচালিত অভিযানের অংশ হিসেবে 'নারো-ফোমিনস্ক' নামের একটি বুয়ান-এম শ্রেণির যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। ক্যালিবার ও অনিকস ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম করভেট শ্রেণির ওই জাহাজটিতে আঘাত হানার পর ধোঁয়া উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছেন প্রতিবেশী এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারতিন হেরেম। হামলার পর জাহাজটি সেন্ট পিটার্সবার্গের দিকে ফিরে যায়।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন জানিয়েছেন, এই ঘটনার পরও বাল্টিক সাগরে পরিস্থিতি নিরাপদ রয়েছে এবং বাণিজ্যিক নৌচলাচলে কোনো ঝুঁকি নেই। তবে বেসামরিক জাহাজ ও সমুদ্রগর্ভস্থ যোগাযোগ কেবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংকীর্ণ জলসীমায় ইউক্রেনের সামরিক অভিযান যুদ্ধ পরিস্থিতির নতুন বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: বিবিসি




