বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট: অচল আউটলুক, টিমস ও কোপাইলট
সার্ভারে অতিরিক্ত চাপের কারণে মাইক্রোসফট ৩৬৫-এর আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোপাইলট সেবায় ব্যাপক বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন।

বিশ্বজুড়ে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটির ক্লাউড সার্ভার অবকাঠামোর ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির কারণে বহুল ব্যবহৃত আউটলুক, মাইক্রোসফট টিমস ও কোপাইলটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সংযোগ ব্যাহত হচ্ছে।
বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মাইক্রোসফট ৩৬৫ ও এক্সচেঞ্জ অনলাইন ব্যবহারকারীরা। অনেক গ্রাহক আউটলুকে ইমেইল আদান-প্রদান করতে পারছেন না এবং ক্যালেন্ডার সেবাতেও তথ্য দেখতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলট সেবাও সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। তবে বার্তা আদান-প্রদান ও অনলাইন বৈঠকের সুবিধা অনেকাংশেই সচল রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে প্রকৌশলীরা কাজ করছেন এবং সিস্টেম পুনরায় চালুর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে এর সরাসরি প্রভাব পড়েছে।
সূত্র: বিবিসি বাংলা



