যুক্তরাজ্যে ফেসিয়াল রিকগনিশন ত্রুটি: সংখ্যালঘুদের গ্রেপ্তারের ঝুঁকি
যুক্তরাজ্যের পুলিশ ওয়াচডগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির অ্যালগরিদম ত্রুটি এবং অসাবধানতার কারণে নিরপরাধ জাতিগত সংখ্যালঘুরা ভুল গ্রেপ্তারের ঝুঁকিতে পড়েছেন।

যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে ব্যবহৃত রেট্রোস্পেক্টিভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ভুলের কারণে নিরপরাধ মানুষ অন্যায় গ্রেপ্তারের ঝুঁকিতে পড়ছেন। বুধবার প্রকাশিত ব্রিটিশ পুলিশ ওয়াচডগ হিস ম্যাজেস্টিস ইন্সপেক্টরেট অব কনস্ট্যাবুলারির এক আনুষ্ঠানিক প্রতিবেদনে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অপরাধ দমনে সহায়ক হলেও এই বায়োমেট্রিক প্রযুক্তিতে গুরুতর ভুল এবং অ্যালগরিদমিক পক্ষপাত রয়েছে। বিশেষ করে জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষদের ভুলভাবে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করার ঝুঁকি অনেক বেশি। অনেক তদন্তকারী কর্মকর্তা প্রযুক্তিটির ফলাফলকে কেবল প্রাথমিক তথ্য হিসেবে না দেখে চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করেছেন এবং পর্যাপ্ত যাচাই ছাড়াই পদক্ষেপ নিয়েছেন।
নিরীক্ষায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে অস্পষ্ট বা একাধিক মুখের অনুপযুক্ত ছবি সিস্টেমে আপলোড করায় ফলাফলের নির্ভরযোগ্যতা হ্রাস পেয়েছে। এছাড়া যেসব ছবি নিয়ম অনুযায়ী আগেই মুছে ফেলার কথা ছিল, সেগুলো সিস্টেমে রেখে দেওয়ায় জনআস্থার সংকট তৈরি হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ছবি: rawpixel (CC0)




