লাইব্রেরিতে এআইয়ের ভুয়া বই: ভারতে প্রথম 'এআই কেলেঙ্কারি'র তদন্ত
তামিলনাড়ুর একটি নতুন মেগা লাইব্রেরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে লেখা শত শত ভুয়া বই কেনার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় আদালত।

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের একটি নতুন সরকারি গ্রন্থাগারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি শত শত ভুয়া বই কেনার অভিযোগে দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। একই সঙ্গে অভিযুক্ত প্রকাশনা সংস্থার ব্যাংক হিসাব জব্দেরও আদেশ দিয়েছেন আদালত।
কয়েম্বাটোর শহরে প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত 'পেরিয়ার আরিভুলাগম' লাইব্রেরিটি গত ১৬ অক্টোবর উদ্বোধন করা হয়। এরপর বিশিষ্ট তামিল ঔপন্যাসিক পেরুমাল মুরুগান অভিযোগ তোলেন যে, লাইব্রেরিটির তামিল বিভাগের প্রায় ১ হাজার ৮০০ বই একটি অপরিচিত প্রকাশনা থেকে কেনা হয়েছে, যেগুলোতে বিভ্রান্তিকর তথ্য ও অস্তিত্বহীন সূত্রের উল্লেখ রয়েছে।
তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী এ রাজমোহন ঘটনাটিকে সম্ভাব্য 'ভারতের প্রথম এআই কেলেঙ্কারি' বলে উল্লেখ করেছেন। তিনি জানান, রাজ্যের অন্যান্য সরকারি লাইব্রেরির বই কেনাকাটাও এই তদন্তের আওতায় আনা হবে। প্রকাশনা শিল্পে এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে ভারতে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: বিবিসি




