কানাডায় কাজের ভিসায় নতুন নিয়ম: পারমিটের মেয়াদ বাড়িয়ে ২ বছর
কানাডার সরকার বিদেশি শ্রমিকদের জন্য স্বল্প বেতনের ওয়ার্ক পারমিটের সর্বোচ্চ মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার সিদ্ধান্ত কার্যকর করেছে।

কানাডার অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচির (টিএফডব্লিউপি) আওতায় ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তিনটি পরিবর্তন এনেছে দেশটির সরকার। এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা (ইএসডিসি) এবং অভিবাসন বিভাগ আইআরসিসির জারি করা এই নতুন নিয়মের ফলে স্বল্প বেতনের চাকরিতে ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছর থেকে বেড়ে দুই বছর হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের ৬ নভেম্বর বা তার পরে জমা দেওয়া স্বল্প বেতনের ‘লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ (এলএমআইএ) আবেদনগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কাজের মেয়াদ মিলবে। এর ফলে খাদ্য উৎপাদন ও নির্মাণ খাতের মতো বিভিন্ন সেক্টরে কর্মরতদের বারবার পারমিট নবায়নের জটিলতা কমবে। তবে আগের অনুমোদিত আবেদনে এই সুবিধা প্রযোজ্য হবে না।
এছাড়া শিশু যত্ন (চাইল্ডকেয়ার) কর্মীদের জন্য প্রক্রিয়াকরণ ছাড় বাড়ানো হয়েছে এবং কানাডায় অবস্থানরত কর্মীদের মর্যাদা হারানোর ঝুঁকি এড়াতে একটি কঠোর সময়সীমা বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ সালের ১ মার্চ থেকে এই নীতিতে আরও কিছু প্রস্তাবিত পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র কানাডা সরকারের অফিশিয়াল চ্যানেলে তথ্য যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: Tuko News


