যুক্তরাজ্যে ক্যাম্পাসে ৩০ মিনিটে ৭ নারীকে যৌন নিপীড়ন: যুবক আদালতে
হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধা ঘণ্টার ব্যবধানে সাত নারীকে যৌন হেনস্তার অভিযোগে ২৯ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নয়টি মামলায় অভিযোগ গঠন করেছে ব্রিটিশ পুলিশ।

যুক্তরাজ্যের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাত্র ৩০ মিনিটের মধ্যে সাতজন নারীকে যৌন হেনস্তা করার অভিযোগে সোফান আকবাশ (২৯) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নয়টি যৌন অপরাধের অভিযোগ এনে শুক্রবার তাকে লিডস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও এর আশপাশে নারীদের আকস্মিকভাবে জড়িয়ে ধরা ও স্পর্শের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীরা পুলিশ ডাকার পর অভিযুক্তকে আটক করা হয়। ভুক্তভোগী সাত নারী দ্রুত দৌড়ে সরে গিয়ে নিজেদের রক্ষা করেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসজুড়ে বিশেষ টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক টিম থর্নটন। একই সঙ্গে সবাইকে জরুরি নিরাপত্তা অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গোয়েন্দা পরিদর্শক সারাহ ব্র্যাডলি জানিয়েছেন, শিক্ষার্থী ও কর্মীদের সুরক্ষায় পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ছবি: Matt Popovich / StockSnap (CC0)




