১৯০ কোটি ডলার লোকসান: আগামী বছর বন্ধ হচ্ছে টেসলার সাইবারট্রাক
বছরে আড়াই লাখ বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও তিন বছরে মাত্র ৭০ হাজার গাড়ি বিক্রি ও বিপুল ক্ষতির মুখে সাইবারট্রাক উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

বহুল আলোচিত ও বিতর্কিত বৈদ্যুতিক পিকআপ সাইবারট্রাকের উৎপাদন আগামী বছর পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলার স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ উৎপাদনের জায়গা করে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০১৯ সালের নভেম্বরে সাইবারট্রাকের নকশা উন্মোচনের পর থেকেই এটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। ইলন মাস্ক প্রতি বছর আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির পূর্বাভাস দিলেও বাজারে আসার তিন বছরে এটি মাত্র ৭০ হাজার ইউনিট বিক্রি হতে পেরেছে। কোয়ার্টজের প্রতিবেদন অনুযায়ী, এই প্রকল্পে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি প্রায় ১৯০ কোটি মার্কিন ডলার লোকসান গুনেছে।
ভবিষ্যতমুখী ও অত্যন্ত মজবুত গাড়ি হিসেবে দাবি করা হলেও সাইবারট্রাক বারবার নিরাপত্তা ত্রুটির মুখে পড়েছে। গাড়ির এক্সিলারেটর প্যাডেল আটকে যাওয়াসহ বিভিন্ন কারিগরি কারণে অন্তত ১১ বার এটি বাজার থেকে প্রত্যাহার করতে হয়। এছাড়া সাইবারট্রাকে অগ্নিকাণ্ডের অন্তত পাঁচটি ঘটনায় চারজনের প্রাণহানির রেকর্ডও রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান



