যুক্তরাজ্যে ৩৭ বছরের খাদ্য প্রতিষ্ঠান বন্ধ: ৬৬২ কর্মী ছাঁটাই
অ্যালডি ও আসডার মতো বড় সুপারমার্কেটে সালাদ সরবরাহকারী প্রতিষ্ঠান কেনস ফুডস আর্থিক সংকটে বন্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে ৬৬২ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেনস ফুডস দেউলিয়া হয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। দীর্ঘ ৩৭ বছর পরিচালনার পর চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি অবসায়নে যাওয়ায় এর মোট ৬৬২ জন কর্মীকে তাৎক্ষণিকভাবে ছাঁটাই করা হয়েছে।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি যুক্তরাজ্যের শীর্ষ সুপারমার্কেট চেইন অ্যালডি, লিডল, আসডা ও আইসল্যান্ডের জন্য প্যাকেটজাত সালাদ ও সস তৈরি করত। অডিট সংস্থা পিডব্লিউসির যৌথ প্রশাসক টিম হিগিন্স এই পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে জানিয়েছেন, হঠাৎ জীবিকা হারানো কর্মী ও তাঁদের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে।
বেশ কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছিল কেনস ফুডস। ২০২৫ সালে তাদের বর্জ্য শোধনাগার বিকল হওয়ায় প্রায় ২০ লাখ পাউন্ড ক্ষতি হয়। এরপর গত আগস্টে খরার কারণে কাঁচামাল সংকট দেখা দিলে কোম্পানির লোকসান বহুগুণ বেড়ে যায় এবং জরুরি ক্রেতা খুঁজে না পেয়ে কারখানা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সূত্র: Lancashire Telegraph


