যুক্তরাজ্যে বিস্ফোরণে ৪ মৃত্যু: দোষ স্বীকার করল ওয়েসেক্স ওয়াটার
ব্রিস্টলের অ্যাভনমাউথে সাইলো বিস্ফোরণে এক কিশোর শিক্ষানবিসসহ চার কর্মীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও নিরাপত্তা আইন লঙ্ঘনের তিনটি অভিযোগ স্বীকার করেছে ওয়েসেক্স ওয়াটার।

যুক্তরাজ্যের ব্রিস্টলের অ্যাভনমাউথে ২০২০ সালের ডিসেম্বরে একটি শোধনাগারে বিস্ফোরণে চার কর্মী নিহতের ঘটনায় স্বাস্থ্য ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেছে ওয়েসেক্স ওয়াটার। ব্রিস্টল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে পানি সরবরাহকারী সংস্থাটি নিজেদের দোষ স্বীকার করে।
কৃষিকাজে ব্যবহৃত সারের সাইলোতে এই বিস্ফোরণ ঘটেছিল। এতে ১৬ বছর বয়সী তরুণ শিক্ষানবিস লুক হুইটনসহ রে হোয়াইট, ব্রায়ান ভিকেরি ও মাইক জেমস নামের চারজন প্রাণ হারান। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে নরহত্যার তদন্ত বন্ধ করা হলেও দেশটির স্বাস্থ্য ও নিরাপত্তা নির্বাহী কর্তৃপক্ষ (এইচএসই) তদন্ত চালিয়ে সংস্থাটির বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পায়।
আদালতে সংস্থাটি কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং নিরাপত্তা নোটিশ অমান্য করার অভিযোগ মেনে নেয়। বিচারক লিন ম্যাথিউস বিষয়টিকে অত্যন্ত জটিল উল্লেখ করে মামলাটি ব্রিস্টল ক্রাউন কোর্টে পাঠিয়েছেন, যেখানে আগামী বছরের ৮ জানুয়ারি পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
সূত্র: বিবিসি




