বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম
ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মুখে বিদেশি কর্মীদের জন্য বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট আইবিএম।

বিদেশি কর্মীদের জন্য বহুল প্রচলিত এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের ওপর বিধিনিষেধ ও নজরদারি বাড়ানোর প্রেক্ষাপটেই এই বড় পরিবর্তন আনা হলো।
বিশ্বজুড়ে ২ লাখ ৬৪ হাজারের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানটি রয়টার্সকে জানিয়েছে, দক্ষ কর্মীর পর্যাপ্ত প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তনের কারণে অধিকাংশ পদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা অনুযায়ী, ২০২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাত্র ১ হাজার ৬১১টি এইচ-১বি আবেদন অনুমোদিত হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত কর্মীদের চলতি বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে আইবিএমের অন্য আন্তর্জাতিক কার্যালয়ে বদলি হতে হবে, অন্যথায় চাকরি ছাড়তে হবে। উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কাজের সুযোগ তৈরিতে এই সিদ্ধান্ত বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: Ajker Patrika
