আপিল ছাড়াই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি চিফ প্রসিকিউটরের, আইনজীবীদের দ্বিমত
নির্ধারিত সময়ে আপিল না করায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে আইনি বাধা নেই বলে প্রসিকিউশন দাবি করলেও সুপ্রিম কোর্টের আইনজীবীরা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তাঁর মৃত্যুদণ্ডের রায় কার্যকরে কোনো আইনি বাধা নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ভবিষ্যতে তাঁর আর আপিল দায়েরের সুযোগ নেই এবং শুনানি ছাড়াই রায় কার্যকর করা যাবে।
চিফ প্রসিকিউটর আরও দাবি করেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় সম্পূর্ণ ন্যায়বিচারের নীতির সুবিধাও শেখ হাসিনা পাবেন না। তবে তাঁর এমন বক্তব্যের সঙ্গে তীব্র দ্বিমত ও বিস্ময় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী। তাঁদের মতে, দেশের বিচার ব্যবস্থার মৌলিক নীতি অনুযায়ী যেকোনো ফৌজদারি মামলার রায় আপিলের মাধ্যমেই চূড়ান্ত করতে হয়।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বিবিসি বাংলাকে বলেন, আপিল করার সুযোগ নেই বলে যারা দাবি করছেন, তা সম্ভবত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে করা হচ্ছে। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সম্প্রতি তাঁর দেশে ফেরা নিয়ে বিতর্ক চলছে।
সূত্র: বিবিসি বাংলা




