ভিডিও ক্লিপিং সুবিধা চালু করল সামাজিক মাধ্যম এক্স
কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ততা বাড়াতে বড় ভিডিও কেটে ছোট ক্লিপ তৈরির নতুন সুবিধা ও আয়ের সুযোগ চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।

ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে নিজস্ব অ্যাপে ভিডিও ক্লিপিং সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো দীর্ঘ ভিডিও থেকে পছন্দের অংশ কেটে ছোট ক্লিপ তৈরি করে সরাসরি এক্সে পোস্ট করতে পারবেন।
এক্সের ঘোষণা অনুযায়ী, প্রতিটি ক্লিপে মূল ভিডিও এবং নির্মাতার অ্যাকাউন্টের একটি লিঙ্ক যুক্ত থাকবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই মূল কনটেন্ট খুঁজে পাবেন। এছাড়া প্ল্যাটফর্মটির ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির আওতায় দর্শক সম্পৃক্ততার ভিত্তিতে মূল নির্মাতা এবং ক্লিপ তৈরি করা ব্যবহারকারী উভয়েই আয়ের সুযোগ পাবেন।
ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে গত কয়েক বছর ধরে প্ল্যাটফর্মে নানা পরিবর্তন আনছে এক্স। এর আগে বড় দৈর্ঘ্যের ভিডিও ও দীর্ঘ নিবন্ধ লেখার সুবিধা যুক্ত করা হয়েছিল। সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত ভিডিওর তুমুল জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নতুন এই ক্লিপিং ফিচারটি যুক্ত করা হয়েছে।
সূত্র: টেকক্রাঞ্চ ছবি: Words as Pictures / StockSnap (CC0)




