এআই দিয়ে পরীক্ষায় পাস করছেন ব্রিটিশ শিক্ষার্থীরা, নিয়ন্ত্রক সংস্থার সতর্কবার্তা
যুক্তরাজ্যে অনেক শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কয়েক মিনিটেই বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন পরীক্ষা শেষ করছেন বলে সতর্ক করেছে দেশটির উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক শিক্ষার্থী নজরদারিহীন মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন বলে সতর্ক করেছে দেশটির উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফিস ফর স্টুডেন্টস (ওএফএস)। সংস্থাটি জানিয়েছে, এমনভাবে এআই ব্যবহার করা হচ্ছে যা শিক্ষকরা সহজে শনাক্ত করতে পারছেন না।
ওএফএস এবং অ্যাডভান্স এইচই-এর যৌথ গবেষণায় ১২৭টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত পর্যালোচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির সময় চালু হওয়া দূরবর্তী অনলাইন পরীক্ষা ও কোর্সওয়ার্কের ক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এআই ব্যবহার করছেন। ডিগ্রির মান বজায় রাখতে প্রচলিত হল পরীক্ষা ও ব্যবহারিক মূল্যায়নে জোর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।
মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এর আওতায় টিউশন ফি বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা অথবা শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সীমা আরোপ করা হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মূল্যায়ন পদ্ধতি যুগোপযোগী করতে কাজ করছে।
সূত্র: বিবিসি


