বাংলাদেশে নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ তুরস্কের ফার্স্ট লেডির
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশে একটি নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ৩১) ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ আগ্রহ ব্যক্ত করেন।
মঙ্গলবার রাতে আন্তালিয়ার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ছাড়াও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তি এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়েও আলোচনা হয় এবং ২০১৭ সালে এমিনে এরদোয়ানের কক্সবাজার সফরের স্মৃতিচারণ করা হয়। এ সময় জুবাইda রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান।
সূত্র: প্রথম আলো




