চীনা গোয়েন্দার সঙ্গে প্রেম: তদন্তের মুখে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং
চীনা গোয়েন্দা সন্দেহে থাকা এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং, যার পর এ নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এক সন্দেহভাজন চীনা গোয়েন্দা নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, অ্যালিস হুয়াং নামের ওই চীনা ব্যবসায়ী বেইজিংয়ের হয়ে গোয়েন্দাগিরি করতেন বলে ধারণা করছেন মার্কিন গোয়েন্দারা।
এই ঘটনা প্রকাশের পর পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন জেনসেন হুয়াং। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে এনভিডিয়া। তবে প্রতিষ্ঠানটির দাবি, এই সম্পর্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কোনোভাবে হুমকির মুখে পড়েনি এবং জেনসেন হুয়াং কোম্পানি পরিচালনায় বহাল থাকছেন।
অ্যালিস হুয়াং ২০২৩ সালে সিঙ্গাপুরভিত্তিক ডেটাসেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ পদে ছিলেন। এনভিডিয়ার তৈরি উচ্চপ্রযুক্তির এআই চিপের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তা চীনে পাঠানোর অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিঙ্গাপুর সরকার। গোয়েন্দা নজরদারিতে অ্যালিস ও জেনসেন হুয়াংয়ের মধ্যে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তবে অ্যালিস কী তথ্য বেইজিংকে দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়।
সূত্র: বিবিসি




