অস্ট্রেলিয়ার গহিন বনে ৬ দিন নিখোঁজ কিশোর: জীবিত উদ্ধারের পর স্বস্তি
মেলবোর্নের পূর্বাঞ্চলে তীব্র ঠান্ডার মধ্যে টানা ছয় দিন নিখোঁজ থাকার পর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৭ বছর বয়সী এক ক্যাম্পারকে।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের দুর্গম বনে তীব্র শীতের মধ্যে টানা ছয় দিন নিখোঁজ থাকার পর অবশেষে ১৭ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে এক বন্ধুর সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গত শুক্রবার নিখোঁজ হয়েছিল উইলিয়াম নামের ওই তরুণ।
রাতভর প্রচণ্ড ঠান্ডা থাকায় কিশোরটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়। পুলিশ কুকুর, ডুবুরি ও হেলিকপ্টার নিয়ে বনজুড়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। অবশেষে শুক্রবার সকালে উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় খুঁজে পান এবং হেলিকপ্টার দিয়ে টেনে নিরাপদে তুলে আনেন। প্রাথমিক পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়ার আগে তাকে ডোনাট ও খাওয়ার পানি দেওয়া হয়।
কিশোরের মা এলিজাবেথ বার্কলে জানান, সামান্য কিছু আঁচড় ছাড়া ছেলে পুরোপুরি সুস্থ রয়েছে। কোনোদিকে না গিয়ে এক জায়গায় স্থির থাকায় সে প্রাণে বেঁচে যায়। স্বস্তি প্রকাশ করে মা রসিকতা করে বলেন, ছেলে আর কোনোদিন ঘরের বাইরে যাওয়ার অনুমতি পাবে না।
সূত্র: বিবিসি ছবি: U.S. Forest Service (source) / rawpixel (CC0)




