নতুন পে স্কেল: শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে অর্থ বিভাগের নির্দেশনা
নবম জাতীয় পে স্কেলের আওতায় সরকারি কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণের পদ্ধতি স্পষ্ট করে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ।

নবম জাতীয় পে স্কেল পর্যায়ক্রমে বাস্তবায়নের মধ্যে সরকারি কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণের পদ্ধতি স্পষ্ট করেছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার অর্থ বিভাগের নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে ছুটিতে যাওয়া কর্মচারীরা যে মাসে ছুটি নেবেন, সেই মাসের উত্তোলিত মূল বেতনের সমান ভাতা পাবেন।
অর্থ বিভাগ জানিয়েছে, পে ফিক্সেশনের মাধ্যমে নির্ধারিত নয়, বরং সংশ্লিষ্ট মাসে প্রকৃতপক্ষে আহরিত মূল বেতনের ভিত্তিতেই এই ভাতার হিসাব হবে। এছাড়া যেসব কর্মচারী ইতিমধ্যে ভাতা গ্রহণ করেছেন, পরবর্তীতে বেতন সমন্বয় হলেও তারা কোনো বকেয়া দাবি করতে পারবেন না। বিধি অনুযায়ী চাকুরেরা প্রতি তিন বছরে একবার এক মাসের মূল বেতনের সমপরিমাণ এই ভাতা পান।
নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ ও সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গ্রেডের কর্মচারীরা বর্ধিত মূল বেতনের ৪০ থেকে ৫০ শতাংশ পাবেন। ২০২৭ সালের জুলাইয়ে মূল বেতন এবং ২০২৮ সালের জানুয়ারিতে অন্যান্য ভাতা পূর্ণাঙ্গ কার্যকর হবে।
সূত্র: বিডিনিউজ২৪




