বিকাশে ৭ হাজার ভুয়া অ্যাকাউন্ট: গ্রাহকের বয়স ১০০–১৫০, তলব
জাতীয় পরিচয়পত্রের ভুলে গ্রাহকের বয়স ১০০ বছরের বেশি দেখাচ্ছে দাবি করলেও কেওয়াইসি লঙ্ঘনের অভিযোগে বিকাশকে ব্যাখ্যা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ–এ সাত হাজারের বেশি সন্দেহভাজন ভুয়া অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট ২০২৪–এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, শনাক্ত হওয়া অ্যাকাউন্টগুলোর কয়েকটিতে গ্রাহকদের বয়স ১০০ থেকে ১৫০ বছর উল্লেখ ছিল এবং সেগুলোতে অস্বাভাবিক লেনদেন হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কেওয়াইসি নির্দেশনা ভঙ্গ করে এসব অ্যাকাউন্ট এখনো সক্রিয় রাখায় বিকাশকে জরিমানার মুখে পড়তে হতে পারে।
তবে বিকাশ জানিয়েছে, জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার যাচাই করেই সব অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এনআইডি রেকর্ডে জন্মতারিখের ভুলের কারণে এমনটা হতে পারে। প্রতিষ্ঠানটি এসব অ্যাকাউন্ট বাড়তি নজরদারিতে রেখেছে বলে জানালেও নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানকে নিয়মিত জরিমানা করার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সূত্র: ডেইলি স্টার ছবি: rawpixel (CC0)


