বার্মিংহামে ছুরিকাঘাত: সাবেক হামাস দেহরক্ষী দোষী সাব্যস্ত
যুক্তরাজ্যের বার্মিংহামে বেলিফকে ছুরিকাঘাতের দায়ে হামাসের সাবেক দেহরক্ষী মোহাম্মদ আলফাতিহকে দোষী সাব্যস্ত করেছে আদালত, সাজা শেষে তাকে জার্মানিতে প্রত্যর্পণ করা হবে।

যুক্তরাজ্যের বার্মিংহামে এক বেলিফ বা আইনি পাওনা আদায়কারী কর্মকর্তার ওপর ছুরি নিয়ে হামলার ঘটনায় মোহাম্মদ আলফাতিহ (৪০) নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সাবেক হামাস নেতা ইসমাইল হানিয়ার সাবেক এই দেহরক্ষী ২০১৫ সালে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন এবং ২০২০ সালে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন।
আদালতের শুনানিতে বলা হয়, কিংস হিথ এলাকায় ঋণ পরিশোধের দাবিতে আলফাতিহের স্ত্রীর গাড়ি জব্দ করতে এলে বেলিফের সঙ্গে তাঁর বিরোধ বাধে। পরে আলফাতিহ দুটি বড় রান্নাঘরের ছুরি নিয়ে তাঁকে তাড়া করেন। তবে এ ঘটনার সময় আলফাতিহ ব্রিটিশ সন্ত্রাসবিরোধী ইউনিটের নজরদারিতে ছিলেন। জুরিরা তাঁকে বেআইনি আঘাত, দুটি ছুরি বহন ও সম্পদের ক্ষতি করার দায়ে দোষী সাব্যস্ত করলেও পরিকল্পিত গুরুতর আঘাতের অভিযোগ থেকে খালাস দিয়েছেন।
জার্মানিতে জন্ম নেওয়া আলফাতিহ মধ্য ইউরোপে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ রয়েছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যে সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে বিচারের মুখোমুখি করতে জার্মান কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করা হবে।
সূত্র: বিবিসি
