ব্রিটিশ-বাংলাদেশি ফারহান আলী: লন্ডনের ফুলহাম থেকে ঢাকায় জাদুকরী গোল
সাফ চ্যাম্পিয়নশিপে একক নৈপুণ্যে চোখধাঁধানো গোল করে নজর কেড়েছেন ফুলহাম একাডেমির ১৯ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার ফারহান আলী ওয়াহিদ।

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ-ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোলে নজর কেড়েছেন ফারহান আলী ওয়াহিদ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে তাঁর একক নৈপুণ্যকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘ম্যাজিক’ আখ্যা দিয়েছে। ম্যাচে ৪-০ গোলের জয়ের পর জাতীয় দলের কোচ টমাস ডুলিও তরুণ এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করা ১৯ বছর বয়সী ফারহানের শিকড় সিলেটে। লন্ডনে বড় হওয়া এই তরুণের ফুটবলের হাতেখড়ি চেলসি একাডেমিতে। পরবর্তীতে ২০১৯ সালে ১২ বছর বয়সে তিনি পশ্চিম লন্ডনের ফুলহাম একাডেমিতে যোগ দেন। ফুলহামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পর ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল পান তিনি।
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন এই উইঙ্গার। গত মৌসুমে প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ৬ গোল এবং ৯টি অ্যাসিস্ট করে তিনি নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। নরউইচ সিটির বিপক্ষে প্রাক্–মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের হয়েও মাঠে নামেন প্রতিভাবান এই ব্রিটিশ-বাংলাদেশি তরুণ।
সূত্র: প্রথম আলো




