যুক্তরাজ্যের ওয়েলসে স্টুডেন্ট লোন ফ্রিজ: ২৯,৩৮৫ পাউন্ডেই কিস্তি
মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় না করে ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত ঋণের সীমা ২৯,৩৮৫ পাউন্ডে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়েলস প্রশাসন।

যুক্তরাজ্যের ওয়েলসে স্নাতক ডিগ্রিধারীদের জন্য স্টুডেন্ট লোন পরিশোধের আয়ের সীমা স্থগিত করার ঘোষণা দিয়েছে ওয়েলস সরকার। বুধবারের এই সিদ্ধান্তের ফলে ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্ল্যান-২ লোনের সীমা মুদ্রাস্ফীতির সঙ্গে না বাড়িয়ে ২৯,৩৮৫ পাউন্ডেই অপরিবর্তিত রাখা হবে।
এই পদক্ষেপে ওয়েলসের গ্র্যাজুয়েটদের প্রত্যাশার চেয়েও কম আয়ে দ্রুত ঋণ পরিশোধ শুরু করতে হবে। ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস ওয়েলসের সভাপতি জেনিফার টেলর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, কোনো সাধারণ ব্যাংক গ্রাহকদের সঙ্গে এমন নিয়ম বদলাতে পারত না। এর আগে সাবেক চ্যান্সেলর র্যাচেল রিভস ইংল্যান্ডে একই স্থগিতাদেশ দিলে মার্টিন লুইসসহ বিশেষজ্ঞরা অসন্তোষ জানিয়েছিলেন।
তবে ওয়েলসের দক্ষতা ও উচ্চশিক্ষা বিষয়ক উপমন্ত্রী কেফিন ক্যাম্পবেল জানিয়েছেন, স্টুডেন্ট লোন কোম্পানি ও ব্রিটিশ রাজস্ব বিভাগের যৌথ ব্যবস্থার কারণে সরকারের সামনে বিকল্প ছিল না। এছাড়া বর্তমানে বছরে ৯,৭৯০ পাউন্ড থাকা বিশ্ববিদ্যালয় টিউশন ফি বাড়ানোর বিষয়টিও সরকার বিবেচনা করছে।
সূত্র: বিবিসি
