ব্রিটিশ-বাংলাদেশি সংবাদমাধ্যমকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের প্রশংসা
লন্ডনে তিন বছর পূর্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সম্পাদক ও প্রকাশক মুনজের আহমেদ চৌধুরীকে চিঠি পাঠিয়ে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পত্রিকা ‘ডেইলি ড্যাজলিং ডন’-এর নিরবচ্ছিন্ন প্রকাশনার তৃতীয় বর্ষপূর্তিতে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। যুক্তরাজ্য ও পুরো ইউরোপে প্রথম বাংলাদেশি মালিকানাধীন মূলধারার সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিরেক্ট কমিউনিকেশনস ইউনিটের প্রধান ম্যান্ডি গডরিজ পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও প্রকাশক মুনজের আহমেদ চৌধুরীকে পাঠানো সরকারি চিঠিতে এই অভিনন্দন জানান। বার্তায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে অবদান এবং যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পত্রিকাটির কাজের প্রশংসা করা হয়। ডাউনিং স্ট্রিট থেকে এটি টানা দ্বিতীয় বছরের স্বীকৃতি।
দুই দশকের বেশি সময় ধরে যুক্ত সাংবাদিক মুনজের চৌধুরী প্রবাসীদের পাশাপাশি ব্রিটিশ মূলধারায় সংবাদ পৌঁছে দিতে প্ল্যাটফর্মটি গড়ে তোলেন। কোনো ধরনের অনুদান ছাড়া স্বাধীনভাবে পরিচালিত পত্রিকাটি গ্রেটার লন্ডন, মিডল্যান্ডস ও ইংল্যান্ডের উত্তরাঞ্চলের কমিউনিটিগুলোতে কাজ করছে।
সূত্র: বিবিসি ছবি: rawpixel (CC0)


