৪৩ বছর পর বাবা-মায়ের খোঁজে নেদারল্যান্ডস থেকে চকরিয়ায় সেলিনা
দেড় বছর বয়সে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যাওয়া ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ শৈশবের ছবি ও পুরোনো পাসপোর্ট সম্বল করে কক্সবাজারে স্বজনদের খুঁজছেন।

শৈশবের একটি সাদাকালো ছবি আর পুরোনো পাসপোর্টের ওপর ভরসা করে প্রায় ৪৩ বছর পর নিজের জন্মদাতা মা-বাবাকে খুঁজতে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ। কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় স্বজনদের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
সেলিনা জানান, তাঁর জন্ম চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। মাত্র দেড় বছর বয়সে একটি ডাচ পরিবার তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। সেখানে তিনি সে দেশের নাগরিক হিসেবে বড় হন। পুরোনো পাসপোর্টে তাঁর জন্মতারিখ লেখা রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই এবং জাতীয়তা বাংলাদেশি। শিকড়ের টানে গত ২৮ অক্টোবর তিনি চকরিয়ায় আসেন।
ইতিমধ্যে মালুমঘাট ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেছেন তিনি। স্থানীয় এক ব্যক্তি নিজেকে সেলিনার ভাই বলে দাবি করেছেন। বিষয়টি নিশ্চিত হতে ওই ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সেলিনা বর্তমানে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
সূত্র: প্রথম আলো




