ঢাকায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতে চাঁদাবাজি ও কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং পরে মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখায়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই নেতাকে আইনের আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিটন মাহমুদের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় ফুটপাত ও দোকানে নিয়মিত চাঁদাবাজি এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপির তৈরি করা ৫৪৫ জন চাঁদাবাজের তালিকায় মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম শীর্ষ সারিতে রয়েছে। তিনি জাকির হোসেন রোড সংলগ্ন এলাকায় দোকান বসিয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বাবদ ৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। বুধবার আদালতে পৌঁছাতে দেরি হওয়ায় তাঁকে পরদিন হাজির করার কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো




