গাজায় তীব্র শীত আর বৃষ্টি: প্লাবিত তাঁবুতে ঠান্ডায় কাঁপছে শিশুরা
যুদ্ধবিধ্বস্ত গাজায় শীতকালীন ভারী বৃষ্টিতে আশ্রয়শিবির প্লাবিত হওয়ায় ভেজা কাপড়ে ও তীব্র ঠান্ডায় নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি পরিবার।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শীতের শুরুতেই ভারী বৃষ্টি ও তীব্র ঠান্ডার কারণে প্লাস্টিকের তাঁবুতে আশ্রয় নেওয়া হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। বৃষ্টিতে আশ্রয়শিবিরগুলো তলিয়ে যাওয়ায় কোনো গরম কাপড় ও শুকনো বিছানা ছাড়াই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজা সিটির পশ্চিমে গড়ে ওঠা অস্থায়ী তাঁবুতে ১৮ সদস্যের পরিবার নিয়ে বাস করছেন শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়া ২৭ বছর বয়সী আমিরা সাদ। তিনি জানান, সাম্প্রতিক বৃষ্টিতে তাদের তোশক, বালিশ ও কম্বল সম্পূর্ণ ভিজে গেছে। পর্যাপ্ত শীতের পোশাক না থাকায় চার মাস বয়সী শিশু মোহাম্মদকে প্রতিবেশীর কাছ থেকে ধার করা এক টুকরো কাপড়ে জড়িয়ে কোনোমতে উষ্ণ রাখার চেষ্টা করছেন তিনি।
পরিবারগুলোর কোনো স্থায়ী আয় নেই এবং খাবারের জন্য তাদের পুরোপুরি নির্ভর করতে হচ্ছে সহায়তা কার্যক্রমের ওপর। আমিরার ৬০ বছর বয়সী শাশুড়ি বাসিমা সাদ জানান, প্রচণ্ড ঠান্ডায় তার ২৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেয়ের হাত বরফের মতো জমে যাচ্ছে। দুই দিন আগে ধ্বংসস্তূপ সরানোর কাজে গিয়ে তার স্বামী হাত ভেঙে ফেলায় চিকিৎসা ও শীতবস্ত্র কেনার কোনো উপায় তাদের অবশিষ্ট নেই।
সূত্র: আল জাজিরা



